
বগুড়া সংবাদ : বগুড়ায় পূর্বঘোষিত ২৪ ঘণ্টার গ্যাস সরবরাহ বন্ধের সিদ্ধান্ত বাতিল করেছে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল)। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জরুরি রক্ষণাবেক্ষণ ও গ্যাস কমিশনিংয়ের নির্ধারিত কাজ আপাতত স্থগিত করায় বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হচ্ছে না। ফলে বগুড়া শহর ও আশপাশের এলাকায় নির্ধারিত সময়জুড়ে গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকবে।
বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা ১১টার দিকে পিজিসিএলের বগুড়া নর্থ ও সাউথ রিজিওনাল অফিসের ব্যবস্থাপক রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বৈরী ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জরুরি রক্ষণাবেক্ষণ এবং গ্যাস কমিশনিংয়ের সব কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে। এ কারণে পূর্বঘোষিত গ্যাস সরবরাহ বন্ধের সিদ্ধান্তও বাতিল করা হয়েছে।
এর আগে পিজিসিএল জানায়, জরুরি রক্ষণাবেক্ষণ ও কমিশনিং কাজের জন্য বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা বগুড়া শহর ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী সেই কর্মসূচি স্থগিত হওয়ায় গ্রাহকদের স্বাভাবিকভাবেই গ্যাস ব্যবহার করতে কোনো সমস্যা হবে না।
পিজিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, রক্ষণাবেক্ষণ কাজের নতুন সময়সূচি পরবর্তীতে নির্ধারণ করা হলে তা আগাম বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রাহকদের জানিয়ে দেওয়া হবে।