
বগুড়া সংবাদ : বগুড়া জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এবং দীর্ঘদিন ধরে নির্বাচন না দেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন সংগঠনের সাবেক নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২২ জুন) বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সভা বাস্তবায়ন প্রস্তুতি উপ-কমিটির আহ্বায়ক মো. বেলাল মন্ডল।
লিখিত বক্তব্যে তিনি জানান, বগুড়া জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-রাজঃ ১৯৬২)-এর সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৩ সালে। এরপর দীর্ঘ ১৩ বছরেও কোনো বৈধ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। সংগঠনের কার্যক্রম সচল রাখতে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সাত সদস্যবিশিষ্ট একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়। ওই কমিটির উদ্যোগে গত ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কর্মসূচি এবং সাধারণ সভার আয়োজন করা হয়।
তিনি বলেন, সাধারণ সভায় উপস্থিত শ্রমিকদের সর্বসম্মতিক্রমে অ্যাডভোকেট নাজমুল হুদা পপনের নেতৃত্বে একটি নির্বাচন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তাব গ্রহণ করা হয়।
বেলাল মন্ডল অভিযোগ করেন, সাধারণ সভায় সংগঠনের বর্তমান সভাপতি মো. হাফিজার রহমান আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করে তহবিলে মাত্র ২ হাজার ৬০০ টাকা রয়েছে বলে জানান। এতে উপস্থিত শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। তার দাবি, সংগঠনের মালিকানাধীন বিভিন্ন সরঞ্জাম, নগদ অর্থ এবং করোনাকালীন সময়ে সংগৃহীত অর্থসহ প্রায় ১৪ লাখ টাকার সম্পদের সঠিক হিসাব পাওয়া যাচ্ছে না।
তিনি আরও অভিযোগ করেন, সংগঠনের বর্তমান সভাপতি মো. হাফিজার রহমান, সহ-সভাপতি মো. ফারুক হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম শাহীন এবং দপ্তর সম্পাদক মো. নান্নু মিয়া যৌথভাবে এসব অর্থ ও সম্পদ আত্মসাৎ করেছেন। এ বিষয়ে রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়নের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।
সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হিসাব-নিকাশ প্রদানের জন্য চিঠি দিলেও অভিযুক্তরা এখন পর্যন্ত কোনো জবাব দেননি। তাই সংগঠনের আয়-ব্যয়ের নিরপেক্ষ অডিট, অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দ্রুত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বগুড়া জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি সৌরভ হোসেন লাইজু, বগুড়া শহর শ্রমিক দলের আহ্বায়ক নুরুল হুদা, যুগ্ম আহ্বায়ক মাফরুজ্জামান ওমেক্স, যুগ্ন আহবায়ক হায়দার আলী,১ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি রাজু, ৪ নং ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পুটু, জাতীয়তাবাদী দোকান কর্মচারী সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,
বগুড়া জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রায়হান আলী রানু, সাবেক সহ-সাধারণ সম্পাদক কাশেম, সদস্য আব্দুস সালাম, আবু হাসান, মানিক, আব্দুল হান্নান, আবুল কালাম, আজিজুল, জুম্মান, রুবেল, রঞ্জু মিয়া,
সহ ইউনিয়নের সাবেক ও বর্তমান বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতৃবৃন্দ।