প্রিন্ট এর তারিখঃ জুন ১৩, ২০২৬, ১২:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১২, ২০২৬, ৩:১৭ পি.এম
বগুড়ায় রানীরহাট হয়ে গাবতলী পর্যন্ত মেট্রোরেলের আদলে ট্রেন চলাচল করবে-প্রতিমন্ত্রী মীর শাহে আলম
![]()
বগুড়া সংবাদ : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, রাণীরহাট থেকে বগুড়া মহানগর হয়ে গাবতলী পর্যন্ত মেট্রোরেলের আদলে ট্রেন চলাচলের পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রকল্প বাস্তবায়িত হলে বগুড়া শহরের দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধান হবে।
শুক্রবার (১২ জুন) সকালে বগুড়া প্রেসক্লাব-এ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি প্রেসক্লাবের নবনির্মিত ভবন পরিদর্শন করেন।
প্রতিমন্ত্রী বলেন, নগর উন্নয়নের ক্ষেত্রে অপ্রয়োজনীয় ভাঙচুর না করে কীভাবে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা যায়, সে লক্ষ্যেই পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। একই সঙ্গে গাবতলীতে চার লেনের বাইপাস সড়ক এবং বগুড়া-নওগাঁ ও মোকামতলা-জয়পুরহাট মহাসড়ক ছয় লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, বগুড়ায় একটি বহুমাত্রিক আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা রয়েছে। বিমানবন্দরকে কেন্দ্র করে পাইলট প্রশিক্ষণ কেন্দ্র, আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান, কার্গো সুবিধা, যুদ্ধবিমান পরিচালনার অবকাঠামো এবং বিমানঘাঁটি স্থাপনের বিষয়ও বিবেচনায় রয়েছে।
মীর শাহে আলম আরও বলেন, মহানগরের বাইরে প্রাকৃতিক পরিবেশে একটি আধুনিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে সাধারণ শিক্ষার পাশাপাশি কৃষি, প্রকৌশল, চিকিৎসা ও বিজ্ঞান অনুষদ থাকবে। এ সংক্রান্ত প্রস্তাব আগামী সপ্তাহে মন্ত্রিপরিষদ বিভাগে উপস্থাপন করা হবে।
তিনি জানান, বগুড়ায় আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়াম নির্মাণ, বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ ও বগুড়া ওয়াসা গঠনের উদ্যোগও নেওয়া হয়েছে। এছাড়া প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকা ব্যয়ে সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ নির্মাণ প্রকল্প আগামী সপ্তাহে একনেক সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। ইতোমধ্যে ভূমি অধিগ্রহণের জন্য ২ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, সারা দেশে সুষম ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে মেগা প্রকল্প বাস্তবায়ন করছে। বগুড়ার বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের উন্নয়নে ২৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
সংবাদপত্রের স্বাধীনতার প্রসঙ্গে তিনি বলেন, সরকার গণমাধ্যমের অবাধ স্বাধীনতা নিশ্চিত করেছে। তবে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে গাবতলীর ভাড়ায় সড়কে সাময়িকভাবে ইট বিছানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, নিরাপত্তার স্বার্থে কাঁচা সড়কে অস্থায়ীভাবে ইট বিছানো হয়েছিল। সড়কটি পূর্ব থেকেই পাকাকরণের জন্য অনুমোদিত থাকায় বর্তমানে ইট অপসারণ করে স্থায়ী নির্মাণকাজ শুরু করা হয়েছে।
বগুড়া প্রেসক্লাব-এর সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এম. আর. ইসলাম স্বাধীন। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন বগুড়া-এর সভাপতি গণেশ দাস ও সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদসহ স্থানীয় সাংবাদিকরা।
সভায় বগুড়া প্রেসক্লাবের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১ কোটি টাকা অনুদান ঘোষণার কথাও জানান প্রতিমন্ত্রী।
https://bograsangbad.com || বগুড়া সংবাদ