
বগুড়া সংবাদ : বগুড়া জেলার নন্দীগ্রাম ও শিবগঞ্জ থানায় সংঘটিত পৃথক দুটি চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত একটি মোটরসাইকেল, একটি বাটন মোবাইল ফোন, নগদ ৫ হাজার ৫০০ টাকা, ৭ দশমিক ৫ আনা স্বর্ণালংকার এবং ইমিটেশনের গহনা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ মে গভীর রাতে নন্দীগ্রাম উপজেলার বীরপলি (ফকিরপাড়া) এলাকায় মো. রশিদুল আলমের বাড়িতে ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল হামলা চালায়। ডাকাতরা বাড়ি থেকে একটি মোটরসাইকেল, স্বর্ণালংকার, মোবাইল ফোন, টেলিভিশন ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়। এ ঘটনায় নন্দীগ্রাম থানায় মামলা দায়ের করা হয়।
অন্যদিকে, গত ৩১ মে রাত ২টার দিকে শিবগঞ্জ উপজেলার দক্ষিণ দহপাড়া এলাকায় মো. জিয়াউল হকের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা তাকে মারধর করে রক্তাক্ত জখম করে নগদ টাকা, স্বর্ণালংকার, স্মার্টফোন, দলিল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে নিয়ে যায়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়।
দুই মামলার তদন্তে বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা পৃথকভাবে ছায়াতদন্ত শুরু করে। ডিবির অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই মোহাম্মদ ফজলুল হক ও এসআই মো. আশিকুর রহমানের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৫ জুন বগুড়া জেলার কাহালু, দুপচাঁচিয়া, সদর ও শিবগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মো. আসলাম সাকিদার (২৭), মো. জিয়ারুল ইসলাম ওরফে জিয়াউর রহমান (৪৬), মো. সাইদুর মন্ডল ওরফে মগা (৩৬), মো. জুয়েল প্রামানিক (২৪) এবং মো. আব্দুল ওহাব (২৮)।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত একটি মোটরসাইকেল, একটি বাটন মোবাইল ফোন, নগদ ৫ হাজার ৫০০ টাকা, একটি স্বর্ণের চেইন, একটি কানের দুল এবং কিছু ইমিটেশনের গহনা উদ্ধার করে জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতার হওয়া আসামিদের মধ্যে আসলাম সাকিদারের বিরুদ্ধে পাঁচটি, জিয়ারুল ইসলামের বিরুদ্ধে একটি, সাইদুর মন্ডলের বিরুদ্ধে দুটি এবং জুয়েল প্রামানিকের বিরুদ্ধে ১০টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
বগুড়া জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।