প্রিন্ট এর তারিখঃ মে ৩০, ২০২৬, ৬:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৩০, ২০২৬, ৩:৫৪ পি.এম
বগুড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন

বগুড়া সংবাদ :বগুড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দোয়া মাহফিল ও গরীব ও দুস্থদের কোরবানির মাংস বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
শনিবার (৩০ মে) সকাল থেকে দিনব্যাপী জেলা বিএনপির উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। এদিন সকাল ৮টায় নবাববাড়ী দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমীতকরণ করা হয়। এরপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন নেতাকর্মীরা। সকাল ১০টায় মহানগরের দত্তবাড়ী শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়। জেলা বিএনপির আয়োজনে এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বগুড়ার সহযোগিতায় ক্যাম্পের উদ্বোধন করেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এসময় উপস্থিত ছিলেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, ডা. শাহ মোঃ শাহজাহান, ডা. আজফারুল হাবীব রোজ প্রমুখ। আয়োজিত এ ক্যাম্পে সাধারণ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করা হয়।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাদ আছর বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে মহানগরের নবাববাড়ী দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
https://bograsangbad.com || বগুড়া সংবাদ