
বগুড়া সংবাদ : বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নারচী ইউনিয়নের গণকপাড়া (উত্তর দেবের পাড়া) গ্রামে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গণকপাড়া গ্রামের ওমর আলী মন্ডলের ছেলে কাঠমিস্ত্রি রুবেল মন্ডল (৩০) পারিবারিক কলহের জেরে তার স্ত্রী মিমি বেগমকে (২৬) ধারালো ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মিমি বেগমের মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত রুবেল মন্ডলকে আটক করে সারিয়াকান্দি থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।
সারিয়াকান্দি থানা পুলিশের এসআই মোঃ নাজমুল হক, এসআই মোঃ মনিরুল ইসলাম ও এসআই তপন চন্দ্র রায় সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করেন এবং অভিযুক্তকে গ্রেফতার করেন।
পুলিশ ও স্থানীয়দের দাবি, রুবেল মন্ডল নেশাগ্রস্ত ছিলেন। গত কয়েকদিন ধরে তিনি স্ত্রীর কাছে নেশার জন্য টাকা দাবি করছিলেন। টাকা না দেওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে তর্কবিতর্কের একপর্যায়ে এ হত্যাকাণ্ড ঘটে বলে জানা গেছে।
স্থানীয়রা আরও জানান, অভিযুক্তের মা মানসিক ভারসাম্যহীন এবং রুবেলও কিছুদিন ধরে অস্বাভাবিক আচরণ করছিলেন।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।