
বগুড়া সংবাদ : বগুড়ার শিবগঞ্জে পাথরবোঝাই একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১ হাজার ১২২ পিস অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধারসহ তিন মাদককারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বুধবার (১৩ মে) রাত সাড়ে ১০টা দিকে উপজেলার ভরিয়া পাকুরতলা এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ভেরাকোলা গ্রামের মোঃ শরিফ ইসলাম (২৪) ও একই উপজেলার টারুটিয়া গ্রামের মোঃ শহিদুল ইসলাম (৩৫) এবং দিনাজপুরের হাকিমপুর উপজেলার নওদাপাড়া গ্রামের মোঃ মন্টু মিয়া (৪৮)।
সূত্রে জানা গেছে, লালমনিরহাট থেকে পাথরবোঝাই একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির একটি দল মহাসড়কে অবস্থান নেয়। ট্রাকটি ভরিয়া পাকুরতলা এলাকায় পৌঁছালে সেটিকে থামানো হয়। পরে ট্রাকে থাকা পাথরের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা তিনটি কাগজের প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো খুলে তার ভেতরে ১ হাজার ১২২ অ্যাম্পুল নিষিদ্ধ বুপ্রেনরফাইন ইনজেকশন পাওয়া যায়। অভিযানে মাদক বহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে। এছাড়া আসামিদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও পাথরের চালানের কপি উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ সামসুল আলম বাদী হয়ে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান জানান, মাদকের এই চালানের সাথে অন্য কারা জড়িত, তা শনাক্ত করতে তদন্ত চলছে। সরকারের মাদকবিরোধী জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।