প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৬, ৫:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৫, ২০২৬, ৩:৩৩ পি.এম
বগুড়ায় অভ্যন্তরীণ বোরো সংগ্রহ শুরু
![]()

বগুড়া সংবাদ : বগুড়া জেলায় অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২৬ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মঙ্গলবার (৫ মে) বেলা ১১টায় বগুড়া সদর এলএসডিতে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি রেজাউল করিম বাদশা, বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি।
জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) রাজিয়া সুলতানা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াজেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হারুন-উর-রশিদ।
এ সময় আরও বক্তব্য দেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা ইসমত জাহান, সদর এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) আতিকুল ইসলাম ফরিদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মামুন, কোষাধ্যক্ষ শাহাদত হোসেনসহ খাদ্য ও কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
জানা গেছে, চলতি বোরো মৌসুমে জেলায় মোট ১৭ হাজার ৭৮১ মেট্রিক টন ধান, ৭২ হাজার ৬০২ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৩ হাজার ৮১১ মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকার নির্ধারিত দামে ধান প্রতি কেজি ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকায় সংগ্রহ করা হবে।
কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এবার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে কৃষক অ্যাপ ও কৃষি বিভাগের তালিকার মাধ্যমে প্রকৃত কৃষকদের অন্তর্ভুক্ত করা হচ্ছে, যাতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমে এবং প্রকৃত কৃষকরা লাভবান হন।
আগামী ৩১ জুলাই পর্যন্ত এ সংগ্রহ কার্যক্রম চলবে। নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিতভাবে কাজ করছে বলে জানানো হয়েছে।
https://bograsangbad.com || বগুড়া সংবাদ