বগুড়া সংবাদ : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহ আলম গত মার্চ মাসে ঢাকায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, স্থানীয় নির্বাচন আর দলীয় প্রতীকে হবে না। ফলে দলীয় মনোনয়ন দেওয়ারও কোনো সুযোগ থাকবে না। স্থানীয় নির্বাচন হবে জনপ্রিয়তার ভিত্তিতে।
প্রতিমন্ত্রীর এই বক্তব্যের প্রেক্ষিতে কাহালুর বীরকেদার ইউনিয়ন পরিষদের টানা তিনবারের নির্বাচিত চেয়ারম্যান মোঃ ছলিম উদ্দিন প্রামানিক জানিয়েছেন, তিনি কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন।
তিনি বলেন, “গত ২৬ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক)-এ আমার প্রার্থিতার বিষয়টি প্রকাশ করার পর থেকে দলমত নির্বিশেষে কাহালু উপজেলার জনগণ আমাকে নির্বাচনে অংশ নিতে উৎসাহ দিচ্ছেন। এতে আমার দৃঢ় বিশ্বাস, স্থানীয়ভাবে দল যদি আমাকে সমর্থন দেয়, তাহলে আমি ১০০ ভাগ নিশ্চিত কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান হতে পারবো, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “দলের দুঃসময়ে আমি কাহালু উপজেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করেছি এবং বর্তমানে উপজেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্বে আছি। আমি কাহালু উপজেলার সর্বস্তরের জনগণের কাছে দোয়া কামনা করছি।”