বগুড়া সংবাদ : বগুড়ার সোনাতলা উপজেলায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন সাংবাদিক রমিন আহম্মেদ বিকাশ। তিনি দৈনিক কালবেলা ও দৈনিক প্রত্যাশা প্রতিদিন পত্রিকার সোনাতলা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। এছাড়াও তিনি সোনাতলা প্রেসক্লাবের একজন সক্রিয় সদস্য।
এ ঘটনায় সাংবাদিক রমিন আহম্মেদ বিকাশ হুমকিদাতা সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আনিছুর রহমান আনিছের বিরুদ্ধে স্থানীয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। শনিবার (৪ এপ্রিল) তিনি এ জিডি দায়ের করেন। আনিছুর রহমান বালুয়া ইউনিয়নের বড় বালুয়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।
জানা যায়, সম্প্রতি বালুয়াহাটের হতদরিদ্র পুরাতন কাঁচামাল ব্যবসায়ী আফজাল হোসেনকে হাট ইজারাদার কর্তৃক জোরপূর্বক উচ্ছেদের অভিযোগ তুলে ফেসবুক পেজ ‘গোধূলি বার্তা’-তে একটি সংবাদ প্রকাশ করেন সাংবাদিক রমিন। এতে ক্ষুব্ধ হয়ে আনিছুর রহমান আনিছ তাকে মোবাইল ফোনে ডেকে নিয়ে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং প্রকাশিত সংবাদ সরিয়ে না নিলে ভবিষ্যতে প্রাণে মেরে ফেলার হুমকি দেন।
সাংবাদিক রমিন আহম্মেদ বিকাশ জানান, গত ৩ এপ্রিল তিনি উচ্ছেদের ঘটনাটি নিয়ে সংবাদ প্রকাশ করেন। এর জের ধরে তাকে ডেকে নিয়ে হুমকি দেওয়া হয়। ঘটনার পর নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি থানায় জিডি করেছেন।
এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবীর হোসেন জানান, থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযুক্ত আনিছুর রহমান আনিছের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
এ প্রসঙ্গে সোনাতলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন আকন্দ বলেন, বিষয়টি তার জানা নেই। তবে সাংবাদিকরা সমাজের দর্পণ—তাদের সঙ্গে খারাপ আচরণ করা ঠিক নয়। তিনি বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।