প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৫, ২০২৬, ১২:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৫, ২০২৬, ২:৪৭ এ.এম
বগুড়া-৭ আসনের জনগণের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানালেন গোলাম রব্বানী
বগুড়া সংবাদ : বগুড়া সদ্য সমাপ্ত নির্বাচনে বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের নির্বাচনী ফলাফল ঘোষণার পর এক আনুষ্ঠানিক বার্তায় অত্র আসনের আপামর জনসাধারণের প্রতি গভীর কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ জনাব গোলাম রব্বানী।
বিবৃতিতে জনাব গোলাম রব্বানী বলেন, "আমি বগুড়া-৭ আসনের প্রতিটি নাগরিককে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই। আপনারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে যে সচেতনতার পরিচয় দিয়েছেন, তা আমাদের গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে। নির্বাচনের জয়-পরাজয় বড় কথা নয়, বরং মানুষের ভালোবাসা ও আস্থার যে প্রতিফলন আমি দেখেছি, তা-ই আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন।"
তিনি আরও বলেন, "আমার নির্বাচনি প্রচারণা চলাকালীন এবং ভোটের দিন যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, বিশেষ করে আমার প্রাণপ্রিয় কর্মী ও সমর্থক—যাদের শ্রম আর ঘাম মিশে আছে এই নির্বাচনী লড়াইয়ে, তাদের প্রতি আমার ঋণের কোনো শেষ নেই। আমি অভিনন্দন জানাই অত্র এলাকার ভোটারদের, যারা সকল বাধা ও প্রতিকূলতা উপেক্ষা করে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন।"
নির্বাচনী ফলাফল প্রসঙ্গে তিনি বলেন, "জনগণের রায় আমি মেনে নিয়ে বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানাচ্ছি। উন্নয়ন ও গণতন্ত্রের স্বার্থে আমি সবকিছু ভুলে বিজয়ী প্রার্থীকে সহযোগিতা করে যেতে চাই। তিনি জনগণের উদ্দেশ্য বলেন নির্বাচিত না হলেও আমি সবসময়ই আপনাদের সুখে-দুঃখে পাশে ছিলাম এবং ভবিষ্যতেও আপনাদের সেবা করে যাব। সমাজসেবা এবং এলাকার মানুষের কল্যাণে আমার দুয়ার সব সময় আপনাদের জন্য উন্মুক্ত থাকবে।"
বিবৃতিতে তিনি আরও ধন্যবাদ জানান নির্বাচন পরিচালনার সাথে যুক্ত সকল কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং গণমাধ্যমকর্মীদের, যারা সুষ্ঠুভাবে নির্বাচনী দায়িত্ব পালন করেছেন।
সবশেষে তিনি বগুড়া-৭ আসনের জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, "আসুন, বিভেদ ভুলে আমরা সবাই মিলে একটি আধুনিক ও শান্তিময় বগুড়া বিনির্মাণে একযোগে কাজ করি।"
https://bograsangbad.com || বগুড়া সংবাদ