

বগুড়া সংবাদ : শিশু ধর্ষণ মামলার এক আসামি জামিনে মুক্ত থাকার অবস্থায় পুনরায় চার বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্ত হওয়ায় তাকে দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বগুড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৫টায় শহরের সাতমাথা এলাকায় কাটনারপাড়া নারী উন্নয়ন সংস্থা (কেএনইউএস)-এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন আইনজীবী এম. এ. রাজ্জাক (মনি)।
এসময় উপস্থিত ছিলেন সংস্থাটির প্রজেক্ট ম্যানেজার চিন্ময়ী তালুকদার, ফিল্ড অর্গানাইজার মহাব্বত আলী, গুলশানআড়া, সাফিয়া আক্তার, হীমানা আক্তার হীরা, মেহেদী হাসান, জান্নাতুল ফেরদৌস, মো. সুজন, আখতারুজ্জামান হৃদয়, মুসলিম বিশ্বাস, নেপিয়ারা বিশ্বাস, নাথান বিশ্বাস, মোহাম্মদ জাহেদুর রহমান, রোমানা খাতুন, ফারহানা আক্তার, সাজেদুর রহমান, অখিল গাল, সাব্বিরসহ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শিশুদের প্রতি যৌন সহিংসতা ও নির্যাতনের মতো নৃশংস ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শুধু সংশ্লিষ্ট এলাকায় নয়, দেশের কোথাও যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে দ্রুত বিচার ও কঠোরতম শাস্তি নিশ্চিত করতে হবে।
তারা আরও বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি পরিবার ও সমাজকে আরও সচেতন হতে হবে। অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এবং কী করছে—এসব বিষয়ে সর্বদা সতর্ক নজরদারি রাখা প্রয়োজন। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি এবং শিশু সুরক্ষায় নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
মানববন্ধন থেকে অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা